প্রিন্ট এর তারিখঃ Jun 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 31, 2026 ইং
ফেসবুকে মহানবী (সাঃ)-এর সহধর্মিণীদের নিয়ে অবমাননাকর মন্তব্য মুসলিম জনতা প্রতিবাদ মিছিলের ডাক

ফেসবুকে মহানবী (সাঃ)-এর সহধর্মিণীদের নিয়ে অবমাননাকর মন্তব্য মুসলিম জনতা প্রতিবাদ মিছিলের ডাক
ময়মনসিংহ (হালুয়াঘাট) প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর সম্মানিত সহধর্মিণীদের (উম্মাহাতুল মুমিনিন) নিয়ে অত্যন্ত অবমাননাকর ও নিকৃষ্ট মন্তব্য করার অভিযোগ উঠেছে শাহাদাত হোসেন আকন্দ (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত শাহাদাত হালুয়াঘাট উপজেলার বাসিন্দা। এই ঘটনায় স্থানীয় ধর্মপ্রাণ মুসলিম ও তৌহিদী জনতার মনে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শাহাদাত হোসেন আকন্দ তার ব্যক্তিগত ফেসবুক আইডির একটি কমেন্টে রাসূলুল্লাহ (সাঃ)-এর পবিত্র পরিবার নিয়ে অত্যন্ত আপত্তিকর ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেন। স্থানীয়দের অভিযোগ, সে ইতিপূর্বেও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে নানা মন্তব্য করেছে। তবে এবার সরাসরি উম্মাহাতুল মুমিনিনদের নিয়ে এমন নিকৃষ্টতম মন্তব্য করায় হালুয়াঘাটের সর্বস্তরের মুসলমান ও নবীপ্রেমিকদের হৃদয়ে মারাত্মক আঘাত লেগেছে।
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অচিরেই হালুয়াঘাটে এক বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন স্থানীয় নবীপ্রেমিক জনতা।
বিক্ষুব্ধ ধর্মপ্রাণ মুসলমানরা হুশিয়ারি উচ্চারণ করে জানিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যদি এই জঘন্য অপরাধের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্তকে গ্রেপ্তার না করেন, তবে হালুয়াঘাটের সর্বস্তরের মুসলমানরা ঈমানী দায়িত্বে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে পুরো উপজেলা জুড়ে তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের আশু ও কঠোর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক চ্যানেল দিগন্ত, সিওয়ান এগ্রো প্রাইভেট লিমিটেডের একটি প্রতিষ্ঠান